সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

নবীনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৪:৪৮

শেয়ার

নবীনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকালে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার বাসিন্দা আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সোমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোমাইয়াকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কলেজে যাওয়ার পথে সোমাইয়ার এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। অল্প বয়সে সম্ভাবনাময় এক শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।