ভালোবাসার টানে ধর্ম পরিবর্তন করে সংসার গড়েছিলেন। স্বপ্ন ছিল স্বামী-সন্তান নিয়ে সুখের একটি পরিবার। কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। স্বামীর ফেলে যাওয়া, মাথার ওপর ছাদ হারানোর শঙ্কা, সংসারে অভাব আর ভাঙা হাত নিয়ে তিন সন্তানকে বাঁচিয়ে রাখার কঠিন লড়াই করছেন নওমুসলিম ও স্বামী পরিত্যক্তা মোছা. জিয়াসমিন আক্তার। এমন অসহায় পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক মানবিক ব্যক্তি। তাকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন সোঁনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ড. শাহরিয়া খাঁন।
জানা গেছে, জিয়াসমিন আক্তারের পূর্বের নাম ছিল প্রিয়া রানী দাস। ভালোবেসে নাসিরনগর উপজেলার নুরপুর পাটানিশা গ্রামের মিজানুর রহমানকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর তার নাম রাখা হয় মোছা. জিয়াসমিন আক্তার। তাদের সংসারে জন্ম নেয় এক মেয়ে ও দুই ছেলে।
তবে বেশিদিন স্থায়ী হয়নি তাদের দাম্পত্য জীবন। সম্প্রতি তিন সন্তানসহ জিয়াসমিনকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার বনানী পাড়ার একটি ভাড়া বাসায় রেখে অন্যত্র বিয়ে করে চলে যান তার স্বামী মিজানুর রহমান। এরপর থেকে স্ত্রী ও তিন সন্তানের কোনো খোঁজখবর রাখছেন না তিনি। দিচ্ছেন না সন্তানদের ভরণপোষণও।
স্বামীর এমন আচরণে একেবারে অসহায় হয়ে পড়েছেন জিয়াসমিন। নিজের উপার্জন দিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয়ার চেষ্টা করলেও সম্প্রতি হাত ভেঙে যাওয়ায় সেই পথও বন্ধ হয়ে গেছে। অন্যের বাসায় কাজ করে যে সামান্য আয় করতেন, তাও এখন করতে পারছেন না। ফলে বাসাভাড়া পরিশোধ, খাবার জোগাড় ও সন্তানদের প্রয়োজন মেটানো নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার।
তিনটি অবুঝ সন্তানের ভবিষ্যৎ নিয়ে যখন দিশেহারা জিয়াসমিন, ঠিক তখনই তার দুর্দশার কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ড. শাহরিয়া খাঁন। রবিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সের পশ্চিম গলিতে অবস্থিত সোঁনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারে নিজ কার্যালয়ে জিয়াসমিনকে ডেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত জিয়াসমিন আক্তার বলেন, ‘আমার স্বামী আমার ও আমার তিন সন্তানের সঙ্গে যা করেছেন, তা সহ্য করার মতো নয়। হাত ভেঙে যাওয়ার পর মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সাহায্য পাচ্ছিলাম না। কীভাবে সন্তানদের মুখে খাবার তুলে দেব, তা বুঝতে পারছিলাম না। ড. শাহরিয়া স্যার এই বিপদের দিনে আমাকে যে সহযোগিতা করেছেন, তা আল্লাহর রহমতের মতো মনে হয়েছে। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ।’
এ বিষয়ে সোঁনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ড. শাহরিয়া খাঁন বলেন, ‘একজন মা যখন তিন অবুঝ সন্তানকে নিয়ে এমন অসহায় পরিস্থিতির মধ্যে পড়েন, তখন সমাজের মানুষের দায়িত্ব তার পাশে দাঁড়ানো। জিয়াসমিন আপার ভাঙা হাত এবং সন্তানদের কষ্টের কথা শুনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা এগিয়ে এলে পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।’
এদিকে, ড. শাহরিয়ার এই সহযোগিতাকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তবে এককালীন আর্থিক সহায়তায় জিয়াসমিনের দীর্ঘমেয়াদি সংকটের সমাধান সম্ভব নয়। তিন সন্তানকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রয়োজন চিকিৎসা, নিরাপদ বাসস্থান, নিয়মিত খাবার ও কর্মসংস্থানের সুযোগ।
তাই অসহায় এই মা ও তার তিন সন্তানের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







