সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগকর্মী ওয়াসিম গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৩:৩০

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগকর্মী ওয়াসিম গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কর্মী মাসুদুর রহমান ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের পীরবাড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় মাসুদুর রহমান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তার ওয়াসিম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন ওয়াসিম। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।