সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

কেরানীগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও

ইস্পাহানী ইমরান,কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৩:১৭

শেয়ার

কেরানীগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও
ছবি: বাংলা এডিশন

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা, যানজট নিরসন এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় বুলডোজার দিয়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় দুই শতাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে দেয়া হলেও একদিন পরই আবার সেখানে দোকান বসানো হয়। ফলে জনসাধারণের চলাচলে আগের মতোই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ অবস্থায় পুনরায় অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা।

অভিযান শেষে ইউএনও মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, তিনি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।