সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

শেরপুরে জমি বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা নিহত

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৫

শেয়ার

শেরপুরে জমি বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা নিহত
ছবি: বাংলা এডিশন

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় মো. জিন্নাত আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বিকেলে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে মৃত টন মাহমুদের ছেলে জিন্নাত আলীর ওপর হামলা চালান তাঁর আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। এ সময় তাঁরা জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

‎পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যায় দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎এদিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টা পর্যন্ত অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

‎শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

‎এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার বিস্তারিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বক্তব্যের অপেক্ষা রয়েছে।