রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

রাজধানীতে স্কুলবাসে আগুন, ঢাবিতে ছয় স্থানে হাতবোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ২২:৩৮

শেয়ার

রাজধানীতে স্কুলবাসে আগুন, ঢাবিতে ছয় স্থানে হাতবোমা বিস্ফোরণ
ছবি সংগৃহীত

রাজধানীর ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারায় স্কুলবাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। ভাটারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায় এ তথ্য নিশ্চিত করেন।

রাস্তার পাশে দাঁড়ানো বাসে আগুন

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় স্থানে বিস্ফোরণ

এদিকে রবিবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মেট্রোরেল সংলগ্ন মোড়, সিনেট ভবনসহ অন্তত ছয়টি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। কয়েক মিনিটের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।