রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন সিভিল সার্জন-কাম-তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা। রবিবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন।
হাসপাতালের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তাঁদের চিকিৎসাসেবা, চিকিৎসার অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং প্রত্যেককে নিজ নিজ ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা দেন।
রোগীদের প্রতি মানবিক আচরণ, আন্তরিকতা এবং সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে সিভিল সার্জন-কাম-তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, বর্তমান সরকারের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীবান্ধব, মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত ও গতিশীল হবে,এটাই তাঁর প্রত্যাশা। রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







