রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও মদ জব্দ

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৯:৫৯

শেয়ার

মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও মদ জব্দ
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল, বাংলা মদ ও বীজ আলু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৭ নভেম্বর এসব অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়। গত ৭ নভেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান আসতে দেখে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিস্কুট ও কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে, একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে ৫৫ বিজিবির অধীন তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল মাধবপুর উপজেলার সানুমাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮ লিটার বাংলা মদ ও ৫৯ কেজি বীজ আলু জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫ হাজার ৩৫০ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য ভারতীয় অবৈধ পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে যথাযথ আইনগত প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছর চোরাচালানবিরোধী অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ এবং ২৬ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে।