ঝিনাইদহের মহেশপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক বদিয়ার রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান। আজ রবিবার সকালে মহেশপুর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বদিয়ার রহমান মহেশপুর উপজেলার নওদাগ্রাম গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। অন্যদিকে আহত মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মোগবুল হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওদাগ্রাম থেকে যাত্রী নিয়ে মহেশপুরের কাটাখালি এলাকায় যান ভ্যানচালক বদিয়ার। পরে ভ্যানটি সড়কের পাশে রেখে টাকা ভাঙতি করে পুনরায় ভ্যানের কাছে ফিরছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগতির মোটরসাইকেল সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক বদিয়ার রহমান মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, ভ্যান ও মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







