রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, এলাকায় ক্ষোভ

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩৭

শেয়ার

হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, এলাকায় ক্ষোভ
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাঁদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, গুরুত্বপূর্ণ এ স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।