রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১১:৩৯

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার পৃথক স্থানে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মৃত গণি মিয়ার ছেলে শাহীন হাজারী। তিনি রামরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন হলেন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া (তেলিপাড়া, পীরবাড়ি) এলাকার মো. এলেম খাঁর ছেলে মারুফ হাসান পাভেল। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক এবং ৮নং নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামরাইল এলাকা থেকে শাহীন হাজারীকে এবং নাটাইয়ের আমতলী এলাকা থেকে মারুফ হাসান পাভেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

ওসি আরও জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।