শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

শেরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি,

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১৮:১৬

শেয়ার

শেরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি: বাংলা এডিশন

শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব এবং শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন, সড়কদ্বীপ ও সড়কসজ্জার কর্মসূচিও পালন করা হয়।

এ ছাড়া বিকেল ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি সিনেমা হল ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন এবং দিনব্যাপী শিশু পার্কগুলো উন্মুক্ত রাখা হয়।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে দিবসটি উদযাপিত হয়।