শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

শেরপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আবু জাহের,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১৭:৩৮

শেয়ার

শেরপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

‘মাদকমুক্ত সমাজ চাই, মাঠভরা খেলা চাই’—এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের জামুর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জামুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ফেরদৌস রহমান জায়দার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জানে আলম খোকা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ আলম পান্না। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা গোলাপ এবং শেরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামুর ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি ফিরোজ মাহমুদ, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জসিমউদদীন মন্ডল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জানে আলম খোকা বলেন, বিএনপি জনগণের সরকার। এই সরকার শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে তরুণ প্রজন্মের ক্রীড়া চর্চার সুযোগ আরও বাড়বে।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।