শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

শিক্ষার্থীদের হাতে পুলিশ আটকের ঘটনা তদন্তে কুবিতে কমিটি গঠন

কুবি,প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১৫:২৬

শেয়ার

শিক্ষার্থীদের হাতে পুলিশ আটকের ঘটনা তদন্তে কুবিতে কমিটি গঠন
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের হাতে পুলিশ সদস্যদের আটকের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে সাত কর্মদিবসের মধ্যে উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হককে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ এবং সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। কমিটির সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদারকে।

অফিস আদেশে বলা হয়, গত ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা পুলিশ লাইনসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা শহরের পুলিশ লাইন ও সরকারি মহিলা কলেজ এলাকার কাছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পুলিশ পরিচয় দেয়া তিন ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁদের ছিনতাইকারী সন্দেহে আটক করে বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

আটক তিনজনের মধ্যে ছিলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা, কনস্টেবল হানিফ ও পুলিশের সোর্স জাহিদ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়।