ঐতিহাসিক ৭ই নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত এই র্যালিতে স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী ও বিএনপির সিনিয়র নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চেয়ারম্যান উথবাতুল বারী আবু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ওয়াসিম এবং কুমিল্লা জেলা প্রশাসক মোস্তাক মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ব্যান্ডপার্টি নিয়ে বের হওয়া এই শোভাযাত্রায় উপস্থিত জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
সমাবেশ ও শোভাযাত্রায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহি-জনতার অভূতপূর্ব ঐক্য ও বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। জাতীয় জীবনের সেই ঐতিহাসিক চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি সুসংহত, স্বনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন:







