শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

বাংলা এডিশনের প্রতিবেদন প্রকাশের পর খাল দখলের সত্যতা মিলল

বাগেরহাট প্রতিনিধি,সাগর মন্ডল

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১৪:০০

শেয়ার

বাংলা এডিশনের প্রতিবেদন প্রকাশের পর খাল দখলের সত্যতা মিলল
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের রামপালে দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের ডিপোতে শতাধিক হরিণ পালন, জবাই করে মাংস সরবরাহ এবং সরকারি খাল দখলের অভিযোগ নিয়ে বাংলা এডিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। হরিণ পালন ও জবাইয়ের অভিযোগে আদালত তদন্তের নির্দেশ দেয়ার পর এবার সরকারি রেকর্ডভুক্ত ঠালনতলা খাল ভরাট ও দখলের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা ভূমি অফিস।

তদন্ত রিপোর্টে দেখা যায়, কোম্পানিটি দুটি সরকারি খালের মোট ১.১০ একর জমি ভরাট করে রাস্তা, সীমানাপ্রাচীর, ট্রাক স্ট্যান্ড ও মেরামতের ঘর নির্মাণসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে সরকারি স্বার্থ ও পরিবেশ রক্ষায় খাল দুটি অবৈধ দখলমুক্ত করে উন্মুক্ত করার সুপারিশ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে উপজেলা ভূমি অফিস।