শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

বিএনপির শাসনামলেই ক্রীড়াঙ্গনের সমৃদ্ধি ঘটেছে: এমপি মিলটন

বিশেষ প্রতিনিধি,বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১৩:৪৭

শেয়ার

বিএনপির শাসনামলেই ক্রীড়াঙ্গনের সমৃদ্ধি ঘটেছে: এমপি মিলটন
ছবি: বাংলা এডিশন

বিএনপির শাসনামলে দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হয়েছে উল্লেখ করে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেছেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

শুক্রবার বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে। পাশাপাশি তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।

মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি ও শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আবুল বাসার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল ২-১ গোলে আল আমিন ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে নয়মাইলের দলটি।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে একটি করে ষাঁড় গরু ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানোই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।