কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল বাসে করে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। পথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
নিহতদের একজন শিক্ষিকার স্বামী
প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাদরাসার শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং সোহানা আফরোজ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে।
দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।
উদ্ধারকাজে হাইওয়ে পুলিশ
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, শিক্ষা সফরের জন্য মাদরাসা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের কাছে কোনো অনুমতির আবেদন করেনি এবং মৌখিকভাবেও জানায়নি। তিনি মাদরাসার অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন:







