শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্রের আঘাতে ব্যবসায়ীকে জখম; ১৫ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ আরিফুল ইসলাম, নেত্রকোনা

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ১৭:৫৩

আপডেট: ৬ নভেম্বর, ২০২৬ ১৭:৫৫

শেয়ার

চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্রের আঘাতে ব্যবসায়ীকে জখম; ১৫ মামলার আসামি গ্রেপ্তার
ছবি: আব্দুল্লাহ আল সোহান

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

এ সময় তাঁর দোকান ভাঙচুর করে ক্যাশে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় করা মামলায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে সোহানকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামের বিপরীতে পিংকী সাইকেল স্টোরে এ ঘটনা ঘটে। পরে রাতেই সোহানকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোহান উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের চাচাতো ভাই। আহত ব্যবসায়ীর নাম সবুজ মিয়া (৬০)। তিনি ওই দোকানের মালিক। বর্তমানে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এজাহারে অভিযোগ করা হয়, গতকাল বিকালে সোহান কয়েকজনকে সঙ্গে নিয়ে সবুজ মিয়ার দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর সোহান সবুজ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে নাকে কোপ লেগে জখম হন সবুজ এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। এসময় দোকানের মালামাল ভাঙচুর করা হয়। পরে ক্যাশে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা সোহান নিয়ে যান। দোকানের আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান।

এ ঘটনায় গতকাল রাতে সবুজ মিয়ার ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতেই সোহানকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খাদ্যগুদামসংলগ্ন সেতু পুনর্নির্মাণের সময় সরকারি জায়গায় থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কিছু জায়গা দখলে নিয়ে সেখানে ঘর নির্মাণ করেন সোহান। ওই ঘর সবুজ মিয়ার কাছে মাসে আট হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছিল। সোহান মাদকাসক্ত হওয়ায় কয়দিন পরপরই সবুজ মিয়ার কাছে টাকা চাইতে আসতেন। এ নিয়ে সবুজের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ঘটনার দিন ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে লোকজন নিয়ে এসে সবুজের ওপর হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের ভাষ্য।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। সোহানের বিরুদ্ধে নানা অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে ওসি।