খাগড়াছড়ি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার মহাজনপাড়া এলাকা থেকে মো. হাসানুল ইসলাম ওরফে ‘ডাইল হাসান’কে (২২) আটক করা হয়।
পুলিশ জানায়, আটক হাসান খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। তার বিরুদ্ধে গত ৩ জুলাই রাতে খাগড়াছড়ি সরকারি কলেজের ২ নম্বর গেটসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যমতে, ওইদিন রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে পলাতক অন্যান্য আসামিদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে কেরোসিন বা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। এরপর থেকে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, খাগড়াছড়ি আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ এবং খাগড়াছড়ি গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনায়ও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে একাধিক সূত্র দাবি করেছে। তবে এসব ঘটনায় তার সংশ্লিষ্টতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। বিষয়গুলো তদন্ত করে দেখা হবে বলে জানা গেছে।
এ ছাড়া আটক হাসানের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







