মিজ রুবিনা ফেরদৌসী দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁকে মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রুবিনা ফেরদৌসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল গনির একমাত্র কন্যা। গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামে। মুক্তিযোদ্ধা পিতার আদর্শ ও অনুপ্রেরণায় সরকারি চাকরিতে যোগদানের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের খবরে শাজাহানপুর উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, একজন নারী হিসেবে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছে রুবিনা ফেরদৌসী শুধু নিজের পরিবার নয়, পুরো শাজাহানপুর উপজেলার মুখ উজ্জ্বল করেছেন।
এলাকাবাসী মনে করেন, তাঁর এ অর্জন শাজাহানপুরের তরুণ-তরুণী বিশেষ করে মেয়েদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর সাফল্য আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা, সরকারি চাকরি ও দেশসেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
শাজাহানপুর উপজেলাবাসী রুবিনা ফেরদৌসীর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
আরও পড়ুন:







