প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই খুলনার ডুমুরিয়া উপজেলায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে তরিকুল গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







