বৃহস্পতিবার

৫ নভেম্বর, ২০২৬ ২১ কার্তিক, ১৪৩৩

সারিয়াকান্দিতে জব্দ করা ডিএপি সার বিক্রি হলো সরকারি দামে

রাশেদ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪৫

শেয়ার

সারিয়াকান্দিতে জব্দ করা ডিএপি সার বিক্রি হলো সরকারি দামে
ছবি: বাংলা এডিশন

এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার পথে প্রশাসনের হাতে জব্দ হয়েছিল ২০ বস্তা ডিএপি সার। আইনি প্রক্রিয়া শেষে সেই সার আর গুদামে পড়ে থাকেনি; সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে চরাঞ্চলের ১০ জন কৃষকের কাছে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কাছে এসব সার বিক্রি করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা এলাকায় বাঙালি ব্রিজসংলগ্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় গাবতলী উপজেলার পেরিরহাট থেকে ধুনট উপজেলায় নেয়ার পথে একটি অটোভ্যান থেকে ২০ বস্তা অর্থাৎ ১ হাজার কেজি ডিএপি সার জব্দ করা হয়।

পরে জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

জব্দ করা সার কৃষকদের কাজে লাগাতে পরবর্তী সময়ে তা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির উদ্যোগ নেয় কৃষি বিভাগ। বৃহস্পতিবার চরাঞ্চলের ১০ জন কৃষকের মধ্যে পুরো ২০ বস্তা সার বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতি নাহার বিথী।

প্রশাসনের অভিযানে জব্দ হওয়া সার কৃষকদের হাতে পৌঁছে দেয়ার এই উদ্যোগে একদিকে জব্দ করা সারের ব্যবহার নিশ্চিত হয়েছে, অন্যদিকে চরাঞ্চলের কৃষকেরা সরকারি মূল্যে সার সংগ্রহের সুযোগ পেয়েছেন।



আরও পড়ুন: