হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কনডেনসেট পরিবহনের পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজন জড়িত বলে দাবি করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
বুধবার ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি নামক স্থানে জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের নজরে আসে পাইপলাইনে তেল চুরির ঘটনা। পরে অনুসন্ধান চালিয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত বড় দুটি পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়িতে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি বড় গর্তের সন্ধান পান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে পাইপলাইনের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলের দিকে যেতে বাধা দেন বলেও অভিযোগ করেন তিনি।
জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে মোট ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট তেল চুরি হয়েছে।
জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, বিশেষ সরঞ্জাম ব্যবহার করে পাইপলাইনে ছিদ্র করে সেখান থেকে তেল বের করে নেয়া হতো।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিটিসিএলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাইপলাইনে ছিদ্র করে বিপুল পরিমাণ জ্বালানি তেল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







