ঢাকার কেরানীগঞ্জে সরকারি চাকরিতে নিয়োজিত এক কর্মকর্তার নামে চালের ডিলারশিপ পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন মেহেদী হাসান আবির। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক হিসেবে কর্মরত।
অভিযোগ অনুযায়ী, উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া হাউজিং বাজারে ‘আবির গ্রোসারি শপ’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চালের ডিলারশিপ পরিচালিত হচ্ছে। সরকারি চাকরিতে নিয়োজিত একজন কর্মকর্তার নামে কীভাবে এ ধরনের ডিলারশিপ বরাদ্দ ও পরিচালিত হচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
খাদ্য অধিদপ্তরের ২০২৪ সালের ৯ নভেম্বর প্রকাশিত ওএমএস ডিলার নিয়োগ নীতিমালায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের লাভজনক পদে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা ডিলার হতে পারবেন না। ফলে মেহেদী হাসান আবিরের নামে ডিলারশিপ পরিচালনার অভিযোগ নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তোলা ছবি প্রদর্শন করে তিনি স্থানীয় সরকারি কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করতেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তারা তাঁকে পরামর্শ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। তবে সরকারি কর্মচারীরা চালের ডিলারশিপ পেতে বা পরিচালনা করতে পারবেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওমর ফারুক বলেন, ‘আমরা বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেহেদী হাসান আবিরের মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি জানানো মাত্রই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, শুধু ডিলারশিপের লাইসেন্সে কার নাম রয়েছে, তা দেখলেই হবে না; বরং ডিলার নিয়োগের প্রক্রিয়া, সরকারি খাদ্যশস্যের বরাদ্দ, ব্যবসা পরিচালনায় প্রকৃত দায়িত্বে কে রয়েছেন এবং সরকারি চাকরিতে যোগদানের পর সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সেসব বিষয়ও তদন্ত করা প্রয়োজন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে ডিলারশিপ বরাদ্দের বৈধতা ও অভিযোগের সত্যতা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







