সুতা সিন্ডিকেটের দৌরাত্ম্য, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাবে দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প ধ্বংসের মুখে পড়েছে। উৎপাদন খরচ বাড়লেও তাঁতিদের উৎপাদিত কাপড়ের ন্যায্যমূল্য মিলছে না। এতে পুঁজি হারিয়ে অনেক তাঁত মালিক কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁতশিল্প রক্ষা, তাঁতিদের অধিকার প্রতিষ্ঠা ও বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের তাঁতি নেতারা।
বুধবার (৪ নভেম্বর) রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খামারগ্রামে সংগঠনের উপদেষ্টা হাজী ওহিদুল ইসলাম খানের বাড়িতে হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
গোপরেখী আঞ্চলিক শাখার কমিটি ঘোষণা
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল মতিন মিয়া। সঞ্চালনা করেন শাহিন আলম। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সোলায়মান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আকছেদ আলী, হাজী আব্দুল আজিজ সরকার, হাজী শামসুজ্জামান অপু, হাজী লাল মিয়া, হাজী গোলাম কিবরিয়া, হাজী তাওহীদুল হাসান খান, মোহাম্মদ আসাদুল সরকার, আব্দুল্লাহ খান, তানভীর হোসেন, জিলান খান, মুক্তাদি হাসান, ওমর ফারুক খান, মুকুল তালুকদার, ওয়াহিদুজ্জামান ও এনামুল হুদা মুন্নাসহ তাঁতি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় সিরাজগঞ্জ তাঁতি ঐক্য প্রতিষ্ঠানের নবগঠিত গোপরেখী আঞ্চলিক শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন হাজী ওহিদুল ইসলাম খান, সহসভাপতি হাজী ফয়সল মল্লিক, সম্পাদক হাজী মুজাহিদ ইসলাম, সহসম্পাদক হাজী আব্দুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক হাজী শাহাদৎ খান, কোষাধ্যক্ষ হাজী আবুল কালাম এবং দপ্তর সম্পাদক হাজী যায়েদ মল্লিক।
সুতার মূল্যবৃদ্ধিতে বাড়ছে উৎপাদন ব্যয়, মিলছে না ন্যায্যমূল্য
বক্তারা বলেন, সুতা সিন্ডিকেটের দৌরাত্ম্যে তাঁতশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। দিনের পর দিন সুতার দাম বাড়লেও সেই অনুপাতে তাঁতিদের উৎপাদিত কাপড়ের দাম বাড়ছে না। ফলে উৎপাদন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁত মালিকরা। লোকসানের বোঝা নিয়ে কারখানা চালাতে গিয়ে অনেকেই পুঁজি হারিয়ে তাঁত বন্ধ করে দিচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প একসময় ইতিহাসের পাতায় ঠাঁই নেবে।
তাঁরা বলেন, লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও জীবন-জীবিকা যে শিল্পের সঙ্গে জড়িত, সেই শিল্পের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। তাঁতিদের সমস্যা, সুতার বাজারের অস্থিরতা ও উৎপাদন সংকট নিরসনে দায়িত্বশীলদের পদক্ষেপ প্রয়োজন। তাঁতশিল্প সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সম্পৃক্ত না করে শুধু পদ-পদবি নিয়ে দায়িত্ব পালন করলে এ শিল্পের উন্নয়ন সম্ভব নয়। তাঁত বোর্ডকে তাঁতিদের প্রকৃত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সিন্ডিকেট বন্ধ ও সরকারি সহায়তার দাবি
বক্তারা আরও বলেন, তাঁতশিল্প বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। একই সঙ্গে লাখ লাখ মানুষের বেঁচে থাকার অবলম্বন। এ শিল্প রক্ষায় সুতার বাজারে সিন্ডিকেটের প্রভাব বন্ধ, কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধ, সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় সরকারি সহায়তা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। অন্যথায় তাঁতশিল্পের সঙ্গে জড়িত অসংখ্য পরিবার বেকারত্ব ও আর্থিক বিপর্যয়ের মুখে পড়বে।
তাঁরা বলেন, আমরা কারও বিরুদ্ধে নই, আমরা তাঁতশিল্পের পক্ষে। ব্যক্তিস্বার্থে নয়, লাখ লাখ তাঁতি পরিবারের জীবন-জীবিকা রক্ষায় ঐক্য চাই। তাঁতশিল্প ধ্বংস হলে তাঁত মালিকদের পাশাপাশি শ্রমিক, ব্যবসায়ী ও এ শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাই সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভা থেকে সুতা সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, তাঁত বোর্ডের জবাবদিহি নিশ্চিত করা এবং দেশের সব তাঁতি সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:







