চট্টগ্রামের বাঁশখালীতে বিরোধপূর্ণ সীমানার একটি গাছের (ডাল) শাখা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল মালেক নামে আরেক চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোছারপাড়ার সোবহান বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুল মালেক ওই এলাকার মকবুল ছোবহানের ছেলে। অভিযুক্ত জাকের হোসেন তাঁর চাচাতো ভাই এবং মৃত নজির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিরোধপূর্ণ সীমানার একটি গাছের শাখা কাটা নিয়ে আব্দুল মালেক ও জাকের হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় জাকের হোসেন তাঁকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
পরে দুপুর ২টার দিকে মসজিদে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আব্দুল মালেকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আগে থেকে সেখানে অবস্থান নেওয়া জাকের হোসেন তাঁকে লক্ষ্য করে লাঠি ছুড়ে মারেন। এতে গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম জানান, আব্দুল মালেক ও জাকের হোসেন সম্পর্কে চাচাতো ভাই। বিরোধপূর্ণ সীমানার গাছের শাখা কাটা নিয়ে বিরোধের জের ধরে জাকের হোসেনের লাঠির আঘাতে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইনও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার তথ্য নিশ্চিত করেছেন। আটক তিনজনের মধ্যে জাকের হোসেনের স্ত্রী ও দুই কন্যা বলে জানান তিনি।
আরও পড়ুন:







