গাজীপুরের শ্রীপুরের আনসার রোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় উৎপাদন চলমান কয়েকটি কারখানাতেও হামলা চালানো হয়। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এক থেকে দেড়শ জনের হামলার অভিযোগ
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় হঠাৎ এক থেকে দেড়শ ব্যক্তি একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আনসার রোড এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বেশ কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে আশপাশের উৎপাদন চলমান কয়েকটি কারখানায়ও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সটকে পড়ে।
পুলিশ জানায়, হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত এবং ঘটনার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:







