বুধবার

৪ নভেম্বর, ২০২৬ ২০ কার্তিক, ১৪৩৩

চুয়াডাঙ্গায় ঘুমন্ত যুবকের গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ১৮:১৬

শেয়ার

চুয়াডাঙ্গায় ঘুমন্ত যুবকের গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় এক যুবকের গলা ধারালো হাসুয়া দিয়ে কেটে হত্যাচেষ্টার ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ হাসান আলীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। গ্রেপ্তারের পর আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন আসামি।

ঘটনাটি ঘটে গত ২৮ অক্টোবর দিনগত রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামে। ওই গ্রামের ফার্নিচার রংমিস্ত্রী মোঃ হোসেন আলী (২৩) নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত শয়নকক্ষের দেয়ালের ইটের ফাঁকা স্থান দিয়ে ধারালো অস্ত্র প্রবেশ করিয়ে তাঁর গলায় আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। পরে হামলাকারী পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২৮ অক্টোবর দামুড়হুদা মডেল থানায় ১৭ নম্বর মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৪৭/৩২৬/৩০৭ ধারায় অভিযোগ আনা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর রাত ১১টা ৩৫ মিনিটে দামুড়হুদা থানাধীন তারিনীপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি মোঃ হাসান আলীকে (২৭) গ্রেপ্তার করা হয়। হাসান তারিনীপুর মাঠপাড়ার মোঃ ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে তাঁর ঠিকানা মেহেরপুর জেলার সদর উপজেলার পিরোজপুর ফুলবাগানপাড়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী ভুক্তভোগী হোসেন আলীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানোর কথা স্বীকার করেন। ঘটনার দিন রাত আনুমানিক ২টার দিকে হোসেন আলী নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় থাকাকালে ধারালো হাসুয়া দিয়ে তাঁর গলায় আঘাত করে হত্যার চেষ্টা করেন বলে জানান তিনি। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে মেহেরপুরে চলে যান।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সেখানে তিনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।