বুধবার

৪ নভেম্বর, ২০২৬ ২০ কার্তিক, ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ১৩:৪৬

শেয়ার

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। বুধবার সকালে ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন তালুকদার সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বিপি নং- ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফাঁড়ির নিজ কক্ষে অবস্থানকালে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন ওই পুলিশ কর্মকর্তা। গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তাঁর নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর কথা বলে পারিবারিক কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে দায়িত্ব পালনরত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তার এমন মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।