বুধবার

৪ নভেম্বর, ২০২৬ ২০ কার্তিক, ১৪৩৩

এমপি মিলটনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গাবতলীতে বিএনপির বিক্ষোভ

আবুল কালাম আজাদ,বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ১৩:২৪

শেয়ার

এমপি মিলটনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গাবতলীতে বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটাপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠন ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২ নভেম্বর সোনারায় তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মোরশেদ মিলটনকে জড়িয়ে বিভিন্ন বক্তব্য দেন। এসব বক্তব্যকে মিথ্যা, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

মিছিলে উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রাজা মন্ডল, মোমিনুল হক দীপু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজাদুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, যুবদল নেতা খোরশেদ আলম, শাহ সুলতান, রনি, জুয়েল, ওমর ও সেলিম। এছাড়া স্বেচ্ছাসেবক দলের মামুন মোল্লা পলাশ, ছাত্রদলের দুলাল মোল্লা, মৎস্যজীবী দলের শাজাহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সোনারায় তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কলেজে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল ইসলাম দায়িত্বে থাকা সত্ত্বেও অনিয়মতান্ত্রিকভাবে সহকারী অধ্যাপক আমিনুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কলেজের সভাপতি হিসেবে মাসুদুর রহমান দায়িত্ব নেওয়ার পর শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, শিক্ষার মানোন্নয়নের পরিবর্তে অধ্যক্ষ ও সভাপতি নিয়োগসংক্রান্ত কর্মকাণ্ডে বেশি ব্যস্ত থাকায় প্রতিষ্ঠানের এমন ফলাফল হয়েছে।

এদিকে এইচএসসি পরীক্ষার ফলাফলে শূন্য পাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলামকে চিঠি দিয়েছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান।