মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

সাতক্ষীরায় সার্জেন্টের ছেলে মোটর সাইকেল চুরি; পুলিশে সোপর্দ

রায়হান সিদ্দিকী সাতক্ষীরা

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৯

শেয়ার

সাতক্ষীরায় সার্জেন্টের ছেলে মোটর সাইকেল চুরি; পুলিশে সোপর্দ
ছবি: বাংলা এডিশন

সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সিয়াম হোসেন (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বড়বাজার এলাকার অ্যাপেক্স শো-রুমের সামনে এ ঘটনা ঘটে।

মারপিটের শিকার সিয়াম হোসেন সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং তার বাবা সাতক্ষীরা ট্রাফিক বিভাগে টিএসআই হিসেবে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ফেসবুকে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়। ওই দিন জনৈক এক ব্যক্তি মোটরসাইকেলটি ক্রয়ের কথা বলে টেস্ট ড্রাইভ বা পরীক্ষার বাহানা দিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সংশ্লিষ্টদের সহায়তায় মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেয়া হয়।

ঘটনার শিকার সিয়ামের পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সিয়াম তার বাবার সাথে শহরের বড়বাজার এলাকায় জুতা কিনতে যায়। কাকতালীয়ভাবে একই সময়ে ওই মোটরসাইকেলের মালিক শাহীন ইসলামও সেখানে জুতা কিনতে যান। এ সময় সিয়ামকে দেখতে পেয়ে শাহীন ইসলাম তাকে সেই চোর সন্দেহে আটক করেন এবং একপর্যায়ে মারপিট শুরু করেন।

মোটরসাইকেলের মালিক শাহীন ইসলাম দাবি করেন, ‘কয়েক দিন আগে গাড়িটি কেনার কথা বলে সে (সিয়াম) গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল। আজ তাকে এখানে দেখতে পেয়ে আমি তাকে আটক করি।’

খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী সিয়াম ও তার বাবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থী ও তার পিতাকে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



আরও পড়ুন: