মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

চার ফুট উচ্চতা নিয়েই জীবনযুদ্ধ, ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

মোঃ আব্দুল হাই, জয়পুরহাট

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬

শেয়ার

চার ফুট উচ্চতা নিয়েই জীবনযুদ্ধ, ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন
ছবি: বাংলা এডিশন

শারীরিক উচ্চতা প্রায় চার ফুট। বয়স ৩২ পেরিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও প্রায় ১৬ বছর ধরে মোবাইল ফোন মেকানিক পেশায় যুক্ত রয়েছেন মোহাম্মদ আল-আমিন। অন্যের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করলেও এখন তাঁর স্বপ্ন নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার।

চার ফুট উচ্চতার আল-আমিনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ছাওয়ালপাড়া গ্রামে। ২০১০ সাল থেকে মোবাইল ফোন মেরামতের কাজ করছেন তিনি। আগে জয়পুরহাট সদর উপজেলায় কাজ করতেন। বর্তমানে পাঁচবিবি উপজেলার তিনমাথা সুপার মার্কেটের একটি দোকানে কাজ করছেন। প্রতিদিন বাড়ি থেকে প্রায় ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কর্মস্থলে আসেন। মোবাইল ফোন মেরামতের কাজ করে দৈনিক ৫০০ টাকা মজুরি পান। এই আয় দিয়েই পরিবারের খরচ চালানোর পাশাপাশি স্ত্রী ও বাবা-মায়ের দেখাশোনা করেন তিনি।

আল-আমিন জানান, জীবনের শুরুর দিকে অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। তবে এখন আল্লাহর রহমতে কাজ করে ভালো আছেন। কারও কাছে হাত না পেতে নিজের পরিশ্রমের উপার্জনে বেঁচে থাকতে চান তিনি। তাঁর বিশ্বাস শারীরিক সীমাবদ্ধতা থাকলেও ইচ্ছাশক্তি ও কাজের দক্ষতা থাকলে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব।

সে আরও বলেন, আমি বলতে চাই আমার মতো যাঁরা আছেন তাঁরা যেন কারও কাছে হাত না পেতে নিজেদের কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আমার হাত আছে আমি হাত দিয়ে কাজ করে খাব। দীর্ঘদিন ধরে মোবাইল ফোন মেরামতের কাজ করছেন তিনি। এখন নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা রয়েছে। নিজের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালোভাবে পরিবারের দায়িত্ব পালন করতে চান তিনি।

আল-আমিনের দোকানমালিক শয়ন চৌধুরী জানান, আল-আমিন খুব ভালো ছেলে। সে কাজও ভালো করে। তার শারীরিক গড়ন দেখে নয়, কাজের দক্ষতা দেখেই তাকে দোকানে নিয়েছি। মোবাইল মেরামতের কাজে সে অনেক পারদর্শী। প্রতিদিন কাজের মজুরি হিসেবে তাকে ৫০০ টাকা দিই। সে দায়িত্ব নিয়ে কাজ করে।

দোকান স্টাফ খাইরুল হোসেন জানান, আল-আমিনের কাজের মান অনেক ভালো। সে অল্প সময়ের মধ্যেই সবার সঙ্গে মিশতে পারে। কাজের প্রতি তার মনোযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এ পেশায় কাজ করায় তার অভিজ্ঞতাও ভালো।

ঐ দোকানে মোবাইল ফোন মেরামত করতে আসা গ্রাহক আরিফুল ইসলাম জানান, প্রথমে তাকে দেখে মনে হয়নি তার বয়স এত বেশি। আমার ফোনে চার্জিংয়ের সমস্যা ছিল। প্রথমে ভয়ে ছিলাম সে কাজ করতে পারবে কিনা। পরে সে দ্রুত সমস্যাটি সমাধান করে দেয়। তার কাজের মান ভালো। কাজ দেখে বুঝেছি সে এ বিষয়ে অভিজ্ঞ।

প্রায় ১৬ বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করে যাচ্ছেন আল-আমিন। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু করার স্বপ্ন দেখেন তিনি। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি একদিন নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলতে চান।

তবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগীতা চাইলে তার জন্য লিখিত আবেদন করতে হবে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগীতা করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।