গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তৌফিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সকালে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, গাজীপুরের বাংলা বাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়েছিলেন তৌফিক। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটলে তিনি সেই ঘটনার ছবি ধারণ করেন। এ সময় হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
পরে আন্দোলনরত শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তৌফিকের মৃত্যুর খবরটি তাঁর পরিবার, এলাকাবাসী ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
তরুণ তৌফিকের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহপাঠী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোক ও সমবেদনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:







