ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক কাপড়ের পরিমাণ ৯ হাজার ২৭৮ মিটার। কাভার্ড ভ্যানসহ জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৯০ লাখ ৩০ হাজার ৭০০ টাকা।
মঙ্গলবার ভোরে উপজেলার আমতলী এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালসের দিকনির্দেশনা ও পরিকল্পনায় ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল আমতলী এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর চেষ্টা করে বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানটির চালক দ্রুত রাস্তা পরিবর্তন করে বিকল্প পথে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বিজিবির টহলদল ধাওয়া করলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড় উদ্ধার করা হয়।
অভিযানে ৯ হাজার ২৭৮ মিটার ভারতীয় কাপড় ও চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। জব্দ করা কাপড় ও গাড়ির আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ৩০ হাজার ৭০০ টাকা।
বিজিবি জানায়, আটক চোরাচালানি মালামাল ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন:







