প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি সরকারি কলেজে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি ‘বোতলের বিনিময়ে গাছ’ অনুষ্ঠিত হয়েছে। বিডি ক্লিন রাঙ্গামাটি টিমের আয়োজনে এ কর্মসূচিতে পরিত্যক্ত প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনিময়ে চারা গাছ সংগ্রহ করেন অংশগ্রহণকারীরা। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। কর্মসূচিতে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার কবীর এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব অনির্বাণ বড়ুয়া। কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন। চারা গাছ সংগ্রহের মধ্য দিয়ে তারা একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আরও পড়ুন:







