মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

গাজীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক মিলন অনুষ্ঠিত

গাজীপুর,প্রতিনিধি

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ১২:০৮

শেয়ার

গাজীপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক মিলন অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষক মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সোমবার রাতে গাজীপুর মহানগরীর তারগাছ চান্দরা এলাকায় চেয়ারম্যান প্লাজায় সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ৩৭ নং ওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহীম আনসারী, সংগঠনের সাধারণ সম্পাদক ও মুনলাইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও চাঁন মিয়া প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ফায়জুর রহমান ফিরোজ, আদর্শ নগর স্কুলের পরিচালক বাসেত তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান,অর্থ সম্পাদক মহিত ফরহাদ, মো. শাহাউল ইসলাম শাওন, আয়াত আলী, দিদারুল ইসলাম, মো. রাসেল ইসলাম, এইচ এম ইয়াকুব, ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক ও নতুন কুঁড়ি আদর্শ একাডেমির প্রধান শিক্ষক এম এ রহমান মল্লিক।

প্রধান অতিথি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, বছরের শুরুতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকারি পাঠ্যবই সংগ্রহের বিষয়ে জেলা শিক্ষা অফিসে গিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রসঙ্গ তুলে তিনি উপস্থিত স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, আমাদের পরিবার দীর্ঘ কয়েক যুগ ধরে জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। আমিও ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি।

নির্বাচনে নিজের অবস্থান তুলে ধরে আসাদ বলেন, নির্বাচন সামনে রেখে অনেকেই প্রার্থী হয়েছেন। আমি যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকি কিংবা আমার চেয়ে ভালো কোনো প্রার্থী থাকেন, তাহলে আপনারা অবশ্যই তাঁর পক্ষে কাজ করবেন। এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে নিজেকে সংশোধন করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

তিনি আরও বলেন, আপনারা হয়তো জানেন, আমার ও আমাদের পরিবারের একটি নিজস্ব ভোটব্যাংক রয়েছে। আমি আশা করি, সবার দোয়া ও সহযোগিতা পেলে এবং আল্লাহর রহমত থাকলে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারব।

শিক্ষকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শিক্ষক মিলনমেলার আয়োজনটি শেষ হয়।