ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দিয়েছেন তাঁরা। বিক্ষুব্ধ শ্রমিকেরা গণমাধ্যমকর্মীদের ছবি ও ভিডিও ধারণে বাধা দিচ্ছেন।
নাওজোরে শত শত শ্রমিকের অবস্থান
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় দিগন্ত গার্মেন্টসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন জ্বলছে। শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। মাঝেমধ্যে অটোরিকশা ও মোটরসাইকেলচালকদের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা দেখা যাচ্ছে।
শ্রমিকদের সরানোর চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল ৯টা থেকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন:







