সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, ওয়াকিটকি সেট ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালায়। সকাল ৮টার দিকে সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এসবের সিজারমূল্য ১১ হাজার টাকা।
এদিকে একই দিন জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৫টি ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, ২৮৮ পিস বিভিন্ন প্রকার শ্যাম্পু, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা-পাতা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা এয়ারগান ও ওয়াকিটকি সেট কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন:







