চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী একটি সড়ক একই দিনে দুইবার উদ্বোধনের ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) সকালে সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। একই দিন বিকেলে সড়কটি পুনরায় উদ্বোধন করেন আসনটির সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। এ নিয়ে দুই নেতার মধ্যে পাল্টাপাল্টি সমালোচনা হয়েছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, কোনোটিই আনুষ্ঠানিক উদ্বোধন নয়।
সীমান্ত সড়ক নির্মাণে ব্যয় প্রায় ৪ কোটি টাকা
এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার সড়ক নির্মাণের কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা। সড়কটি নির্মিত হলে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল ও নজরদারিতে সুবিধা হবে। পাশাপাশি পদ্মা নদীতীরবর্তী সীমান্ত এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।
সড়কটির নির্মাণকাজ প্রায় দুই সপ্তাহ আগে শুরু হয়েছে বলে জানা গেছে। কাজ শুরুর কয়েক দিন পর রবিবার সকালে নুরুল ইসলাম বুলবুল নির্মাণকাজ উদ্বোধন করেন। বিকেলে একই সড়কে ফিতা কেটে উদ্বোধন করেন হারুনুর রশীদ। দুই সময়েই এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত ছিলেন।
সকালের অনুষ্ঠানে এলজিইডির নামসংবলিত ব্যানার থাকলেও বিকেলের অনুষ্ঠানে তা ছিল না।
উদ্বোধন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
সকালে উদ্বোধন শেষে মতবিনিময় সভায় নুরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জে ভালো কাজ হলে হারুনুর রশীদ তাঁর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে হারুনুর রশীদের বরাদ্দ ও ব্যয়ের বিষয়ে খোঁজখবর নেওয়া সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
বুলবুল বলেন, আগামী পাঁচ বছরে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে যেসব কাজ হবে, সেগুলোর দায়িত্ব সংসদ সদস্যের। ৬২ হাজার ৬১৯ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। তাঁর বক্তব্যে হারুনুর রশীদের ভূমিকা নিয়েও সমালোচনা ছিল।
অন্যদিকে, একই সড়ক বারবার উদ্বোধনের কারণ জানতে চাইলে হারুনুর রশীদ বলেন, এ বিষয়ে বর্তমান সংসদ সদস্যকে প্রশ্ন করতে হবে। সড়কটির বরাদ্দ ও প্রকল্প নিয়ে আসার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি। সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি সড়ক পরিদর্শন বা উদ্বোধন করতে পারেন বলেও মন্তব্য করেন।
আরও সড়ক নির্মাণে বরাদ্দ আনার আহ্বান হারুনুর রশীদের
বিকেলের আলোচনা সভায় হারুনুর রশীদ নতুন সংসদ সদস্যকে এলাকায় আরও কাঁচা রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষ এলাকায় আরও উন্নয়ন চায়। কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বর্তমান সংসদ সদস্যের সমালোচনাও করেন।
সড়কটি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল এবং এটি বাস্তবায়নে তাঁর সহযোগিতা ছিল বলে দাবি করেন হারুনুর রশীদ।
আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, বলছে এলজিইডি
সড়ক নির্মাণের ঠিকাদার মো. সেলিম রেজা বলেন, বর্তমান ও সাবেক সংসদ সদস্যের দুই সময়ের অনুষ্ঠানেই তিনি উপস্থিত ছিলেন। সরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি পরিদর্শন বা তদারকিতে এলে ঠিকাদার হিসেবে তাঁদের উপস্থিত থাকতে হয় বলে জানান তিনি।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ ফোন ধরেননি।
সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, এলজিইডির পক্ষ থেকে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। আনুষ্ঠানিক উদ্বোধন হলে ফলক স্থাপন করা হতো, কিন্তু তা করা হয়নি। বর্তমান ও সাবেক সংসদ সদস্য দুজনই তদারকির কাজে সেখানে গিয়েছিলেন। সরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা পরিদর্শন বা তদারকিতে গেলে এলজিইডির কর্মকর্তারা উপস্থিত থাকেন। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:







