আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে দেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগের কথা তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি আয়োজিত ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনবিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য অংশ বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে ব্যয় হয়। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে এ ব্যয় অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে ইউজিসি।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট সহনীয় পর্যায়ে রাখতে সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় নেয়া হবে।
সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনার কথাও সভায় তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন ও এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ এবং ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম।
এ ছাড়া ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, কমিশনের আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুকসহ ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







