সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ১৯:০০

শেয়ার

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় নয়
ছবি সংগৃহীত

গার্মেন্টস খাতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, মজুরি বোর্ড গঠনের পরও যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। কোনোভাবেই নাশকতাকারীদের অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভারের বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জড়িত ও ইন্ধনদাতাদের তথ্য সংগ্রহ করছে পুলিশ

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মজুরি বোর্ড গঠনের পরও যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন, তারা সাধারণ শ্রমিক হতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং তাদের ইন্ধনদাতা কারা, সে বিষয়ে পুলিশ যাবতীয় তথ্য সংগ্রহ করছে। আইনের মধ্যে থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন শ্রমিকদের কোনো কুচক্রী মহলের ফাঁদে পা না দিয়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। কেউ তাদের বিভ্রান্ত বা চাপ সৃষ্টির চেষ্টা করলে পুলিশকে জানাতে হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গার্মেন্টস মালিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় কারখানা খোলা রাখতে হবে। মালিকদের নিরাপত্তা দেবে পুলিশ।

তিনি আরও জানান, ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ, এপিবিএনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন। গোয়েন্দাদের কাছে থাকা ফুটেজ এবং গণমাধ্যমে প্রকাশিত ফুটেজের পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

আন্দোলনে বহিরাগতদের ইন্ধনের অভিযোগ সংসদ সদস্যের

অন্যদিকে, শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অভিযোগ করেন, পতিত সরকারের দোসররা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করে আন্দোলন করার চেষ্টা করছে।

তিনি বলেন, তাদের কাছে তথ্য রয়েছে, বাইরে থেকে লোকজন এসে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে। পতিত সরকারের লোকজন আশপাশের দেশের পরামর্শে আন্দোলন শুরুর চেষ্টা করছে। আন্দোলনে যুক্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই বহিরাগত বলে দাবি করেন তিনি।