সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

কুমিল্লা দেবিদ্বার ট্রাকচাপায় শিশু নিহত, মায়ের বুকফাটা আর্তনাদ

রোবেল আহমেদ তানভীর,কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ১৫:৪৬

শেয়ার

কুমিল্লা দেবিদ্বার ট্রাকচাপায় শিশু নিহত, মায়ের বুকফাটা আর্তনাদ
ছবি: বাংলা এডিশন

মায়ের হাত ধরে হেঁটে চলার আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় দ্রুতগতির একটি ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে এক শিশু। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর পর তার নিথর দেহের পাশে বসে মায়ের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। যে সন্তানকে সারাজীবন বুকে আগলে রাখার কথা, আজ সেই সন্তানের নিথর লাশের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি এক মা। মুহূর্তের মধ্যেই চিরতরে থেমে গেছে একটি মায়ের গোটা পৃথিবী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন মায়ের হাত ধরে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশুটি। এ সময় অত্যন্ত বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। চোখের পলকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় চারপাশ।

সড়কের পাশে সন্তানের রক্তাক্ত ও নিথর দেহের ওপর ঝুঁকে পড়ে মায়ের সেই হৃদয়বিদারক কান্না উপস্থিত সাধারণ মানুষেরও চোখের কোণ ভিজিয়ে দিয়েছে। বারবার মূর্ছা যাচ্ছেন শোকে পাথর হয়ে যাওয়া মা। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন চলাচল এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি দিন দিন বেড়েই চলায় স্থানীয় এলাকাবাসী ও শোকার্ত মানুষের মধ্যে চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে। দ্রুত ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।