ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল, সুলতানপুর, বাসুদেব, সিংগারবিল ও বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর লিখিত আবেদন করেছেন।
রবিবার স্মারক নং- যাগোমা/২৪৫-ব্রাঃ-৩ (আ)/২০২৬/১২৩-এর মাধ্যমে পাঠানো আবেদনে প্রস্তাবিত নতুন উপজেলা গঠনের যাবতীয় কার্যক্রম বাতিলের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় নির্দেশনা কামনা করেন তিনি।
আবেদনে সংসদ সদস্য শ্যামল উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি সরকারি স্মারকের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি, বিজয়নগর উপজেলার একটি এবং আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব পাওয়া গেছে। তবে এ প্রক্রিয়া সম্পর্কে তিনি কোনোভাবেই অবগত ছিলেন না। ফলে সংশ্লিষ্ট পাঁচ ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তাঁকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, যা একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
তিনি আবেদনে বলেন, পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত। সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত এবং স্থানীয় ভৌগোলিক, প্রশাসনিক ও সামাজিক বাস্তবতা যথাযথভাবে যাচাই না করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলে জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও সামাজিক সম্প্রীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনে রাজনৈতিক প্রভাবের বিষয়টিও তুলে ধরেন এই সংসদ সদস্য। তাঁর দাবি, সংশ্লিষ্ট পাঁচটি ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা। বিগত নির্বাচনে এসব এলাকার মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ধানের শীষ প্রতীকে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে উপজেলা গঠনের উদ্যোগ নেয়া হলে বিএনপির প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের সিদ্ধান্ত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর মতে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনকে কেন্দ্র করে সৃষ্ট বিরূপ প্রতিক্রিয়া জেলার অন্য সংসদীয় আসনগুলোর রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।
আবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়নের প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকেন্দ্রিক। তাই এসব ইউনিয়নকে বিচ্ছিন্ন করে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ অবস্থায় সংশ্লিষ্ট পাঁচ ইউনিয়নের সাধারণ মানুষের মতামত, প্রত্যাশা, ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক বাস্তবতা এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় নিয়ে ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাবের যাবতীয় কার্যক্রম বাতিলের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
আবেদনের শেষাংশে তিনি উল্লেখ করেন, প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তে জনগণের মতামত ও স্বার্থের যথাযথ প্রতিফলন থাকা প্রয়োজন।
আরও পড়ুন:







