রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

রুয়াপ প্রিমিয়ার লীগে ফুটবলে এক হলেন বাসিন্দারা, ছড়াল সচেতনতার বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ২১:৪৭

শেয়ার

রুয়াপ প্রিমিয়ার লীগে ফুটবলে এক হলেন বাসিন্দারা, ছড়াল সচেতনতার বার্তা
ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে (রুয়াপ) ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এক হয়েছেন আবাসিক এলাকার বাসিন্দারা। খেলাধুলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় রুয়াপ প্রিমিয়ার লীগ সিজন-৪।

উত্তরা ১৮ নম্বর সেক্টরের রুয়াপ কেন্দ্রীয় ফুটবল মাঠে রাত্রিকালীন এই টুর্নামেন্টে অংশ নেয় ১২টি দল ও ১৬৮ জন ফুটবলার। গত ১৬ অক্টোবর শুরু হওয়া ১৬ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয় ৩১ অক্টোবর অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে।

খেলার মাঠে সম্প্রীতি ও ডেঙ্গু প্রতিরোধের বার্তা

টুর্নামেন্টজুড়ে ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। খেলোয়াড়, দর্শক ও আয়োজকদের অংশগ্রহণে ফুটবল মাঠ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের মিলনস্থল।

আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা। তিন দিনে একদিন, জমানো পানি ফেলে দিন স্লোগানে বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানায় ব্রাদার্স ইউনাইটেড ক্লাব। খেলাধুলার সঙ্গে সামাজিক দায়িত্ববোধের সমন্বয় ঘটানোই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

টাইব্রেকারে চ্যাম্পিয়ন রুয়াপ থান্ডারস

৩১ অক্টোবর অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় রুয়াপ থান্ডারস ও ডেভিল রিটার্নস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ডেভিল রিটার্নসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রুয়াপ থান্ডারস।

আবাসিক এলাকায় এ ধরনের ক্রীড়া আয়োজন সুস্থ বিনোদনের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখে। ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের এ উদ্যোগের মধ্য দিয়ে ফুটবলকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির প্রচেষ্টা চালানো হয়েছে।



আরও পড়ুন: