রাজশাহী ব্যুরো প্রধান
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলারের ভারতের দুই কিলোমিটার অভ্যন্তর থেকে তাকে আটক করে। আটক শিশু হাসিফ রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার রাতের রাতের কোনো একসময় সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শিশু হাসিফ রহমানকে আটক করে বিএসএফ সদস্যরা।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ বলেন- লোকমুখে শিশুটিকে আটকের বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সকাল থেকে পান্নাপুর ক্যাম্পের বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, রাত ১২ টার দিকে ১২ থেকে ১৩ বছরের শিশুকে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। জানতে পেরে আমরা ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করে এনেছি এরপর শিশুটির মা ও তার মামা এসে বাড়ি নিয়ে গেছেন।
আরও পড়ুন:







