রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে চলা শ্রমিক আন্দোলনে মিশে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার সময় তাঁদের আটক করা হয়।
রবিবার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান।
নাশকতার সমন্বয়ক হিসেবে আলিফ মোল্লার নাম
মোহাম্মদ রাকিব খান বলেন, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে তিনিই এসব নেতাকর্মীকে ঢাকায় এনেছেন। সেখানে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের শনাক্ত করে আটকের অভিযান চলছে।
শ্রমিক আন্দোলনে সহিংসতার অভিযোগ
ডিবির এই কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তবে গতকাল থেকে আন্দোলন সহিংস হয়ে উঠেছে। রবিবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিনি অভিযোগ করেন, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের আন্দোলনের মধ্যে থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে ডিবি।
আরও পড়ুন:







