রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

সিরাজগঞ্জ, রাজবাড়ী ও পাবনার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সবুজ এইচ সরকার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১৫:২৬

আপডেট: ১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

সিরাজগঞ্জ, রাজবাড়ী ও পাবনার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলার ৬৫ জন চরমপন্থি দলের সদস্য অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন।

রবিবার দুপুরে সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনার ৪৫ জন রয়েছেন।

ভুল পথ ছেড়ে সঠিক পথে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেন, যারা এখনো ভুল পথে রয়েছেন, তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। কেউ জন্মগ্রহণ করেই সর্বহারা বা চরমপন্থি হন না। বিভিন্ন কারণে মানুষ ভুল পথে যায়। যারা আজ ভুল পথ ছেড়ে সঠিক পথে এসেছেন, তারা যেন অন্যদেরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসন ও আত্মনির্ভরশীল করতে প্রকল্পের মাধ্যমে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ, এসআরবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্ম সচিব শাহানা আখতার জাহান এবং পাবনার আত্মসমর্পণকারী চরমপন্থি দলের সদস্য আয়নুল হক ও আলম সেখ।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।