রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

চাঁদপুর পঁচা ইলিশ বিক্রির দায়ে ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মহসিন হোসাইন,চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১২:৫৮

শেয়ার

চাঁদপুর পঁচা ইলিশ বিক্রির দায়ে ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান চালিয়ে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মো. নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জরিমানার অর্থ অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন তিনি। অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।

এ সময় বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা ও নষ্ট মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেয়ার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য মো. বিপ্লব সরকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।