ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে ১৯৭ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ রাহানা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাহানা বেগম ওই এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিষ্ণুপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল জানতে পারে, কালাছড়া এলাকার একটি বসতবাড়িতে মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। পরে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও ২৫ বিজিবি, সরাইলের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পালানোর চেষ্টাকালে রাহানা বেগমকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি টিনশেড মাটির ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে চারটি চটের বস্তায় মোড়ানো খাকি রঙের কার্টনের ভেতর থেকে ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহানা বেগম জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিস্তাররোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:







